
📰 সৌদি আরবে কর্মসংস্থানের নামে ভয়ঙ্কর প্রতারণা, দালালচক্রের ফাঁদে হাজারো বাংলাদেশি প্রবাসী
সৌদি প্রতিনিধি :মো: সেলিম রানা
সৌদি আরবে চাকরির প্রলোভনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন হাজারো বাংলাদেশি যুবক-যুবতী। নামী-দামি এজেন্সি ও অসাধু দালালদের মাধ্যমে তিন মাসের সাপ্লাই ভিসা বা ফ্রি ভিসায় সৌদিতে পাঠানো হচ্ছে এবং এরপরেই তারা ভয়ঙ্কর এক বাস্তবতার মুখোমুখি হচ্ছেন।
একাধিক ভুক্তভোগীর বলাতে জানা যায়, সৌদি পৌঁছানোর পর ওইসব শ্রমিকদের ক্যাম্পে আটকে রেখে দালাল বা স্থানীয় কফিলদের কাছে বিক্রি করে দেওয়া হয়। তাদের বলা হয়— দুই বছরের জন্য বৈধ ভিসা দেওয়া হবে, কিন্তু বাস্তবে ১,৪০০ কিলোমিটার দূরের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়ে কঠিন শ্রমে বাধ্য করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রাখা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, কেউ প্রতিবাদ করলে তাকে অপহরণ করে টাকা আদায় করা হয়, কখনো পুলিশের হাতে তুলে দেওয়া হয়, আবার কখনো মারধর করা হয়। এমনকি আত্মহত্যা বা ঘুমের মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটছে। বহু কর্মী মাসের পর মাস বেতন না পেয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন।
একজন ভুক্তভোগী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জানান, “বাংলাদেশ থেকে সৌদিতে পাঠানো অধিকাংশ শ্রমিক এখন অবৈধ অবস্থায় আটকে আছেন। পুরানা পল্টনের প্রায় ৫০টির মতো এজেন্সি এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত, এদের নাম, ঠিকানা ও ডকুমেন্টস আমার কাছে সংরক্ষিত আছে। সময়মতো আমি এদের মুখোশ উন্মোচন করব ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি নিজেও একজন ভুক্তভোগী। বহু প্রবাসীর অভিযোগ আমার কাছে জমা হয়েছে। অনেকেই এখন আত্মগোপনে, কারও সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কেউ মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে নির্যাতন করে মৃত্যুর মতো ঘটনাও ঘটছে।”
এই মানবাধিকারকর্মী আরও জানান, অনেক যুবককে ফ্রি ভিসা, লোড-আনলোড কাজ, অফিস ক্লিনার ইত্যাদির লোভ দেখিয়ে প্রবাসে পাঠানো হয়। কিন্তু বাস্তবে তারা চরম দুর্ভোগের শিকার হন এবং অধিকাংশ ক্ষেত্রেই দেশে ফিরে আসার কোনো পথ খোলা থাকে না।
প্রতারণার শিকার এমন অনেকের নাম, ফোন নম্বর, ছবি ও প্রমাণ সংগ্রহ করে তিনি জানিয়েছেন— সময় হলে তিনি আইনি ও সামাজিকভাবে বড় পরিসরে প্রতিবাদ গড়ে তুলবেন।
সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন:
“আপনার সন্তান বা আত্মীয়কে যদি সৌদি প্রবাসে পাঠানোর চিন্তা করেন, তাহলে আগে ভালোভাবে খোঁজ নিন। ফ্রি ভিসা বা মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়ে তাদের জীবনকে মৃত্যু মুখে ঠেলে দেবেন না। সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”
প্রতিবেদন:মো: সেলিম রানা
পদবী: সাংবাদিক ও মানবাধিকার কর্মী
যোগাযোগ:WHATSAPP -01674522097 /+880573048713 SALIMRANA5454@GMAIL
https://www.facebook.com/share/19K6vKqMfW/